গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার সম্পর্কে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিতেন। টাকা নিয়ে তিনি গান গাইতে যেতেন না। এমন এক অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ডিএমপি মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, নোবেলের নামে একটা প্রতারণা মামলা হয়েছে। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন, কিন্তু যান নাই। যার ফলে তারা বাদী হয়ে মামলা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে এমন তথ্য আছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নেন, কিন্তু যান না। এমন অনেক অভিযোগ।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে গায়ক মাইনুল আহসান নোবেলকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল।
সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা তাকে আটক দেখানো হয়।
সম্প্রতি, নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। এ মামলার সূত্র ধরেই তাকে আজ আটক করেছে ডিবির লালবাগ বিভাগ।
এদিকে মামলায় এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুরের একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে ২৮ এপ্রিল উপস্থিত হয়ে গান গাওয়ার কথা ছিল নোবেলের। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যাননি।
এ ঘটনায় মো. সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলা করেন। এরই প্রেক্ষিতে নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ।